Tuesday, 16 November 2021

নিরাপদ বিশ্বাসের দুটি কবিতা--

নিরাপদ বিশ্বাসের দুটি কবিতা--

অনেক দিন পর একটা অন্য অনুভূতিতে চলুন ঘুরে আসি।
__________________
অরণ্য কুমারী
__________________
বড্ড দুরন্ত অরণ্য কুমারী
নাম তার রিমি।
মুক্ত আকাশ মুক্ত অঙ্গন!
সে চঞ্চল হরিণী
টানা টানা চোখ
ফুলের বাহারে ভরা বিনুনি
কোমল -অমল লোহিনী
লাজবন্তী, দৃষ্টি হরনি!
সুঢল ঢল ঢল পল্লবিনী।
হেঁটে চলে বন হতে বনান্ত,
পায়ে পায়ে চঞ্চল অফুরন্ত;
কখনো একাকিনী
কখনো বা লয়ে সঙ্গিনী
বিলাস বিহঙ্গিনী!

ধিঙড়ি নাচে সে অনন্যা
গানের আসরে সে বন্যা।
নির্জন বনপথে বহুবার
তার গানে মুগ্ধ হয়েছি, মুখর চরাচর;
সে গান, আজো কানে বাজে বারবার!

চলতে চলতে হঠাৎ থমকে যাওয়া,
সময়ের বিলম্বিত লয়,
এভাবে অবরোধ আনবে'--
শ্রাবণ সন্ধ্যা থেকে পাবন ফাগুনে অরণ্য কুমারীর,
এভাবে কখনো ভাবিনি!!


নদী, পুরনো পাড় ভেঙে ভেঙে'---
ছলাৎ ছলাৎ তৈরী করে নূতন পাড়।
জীবনের রোজনামচা বলিহয়'---বদলের ধারাপাতে।
ভাঙা মেঘের ফাঁক থেকে'
উঁকি দেয় অস্তগামী রবি,
কুয়াশার জাল বুনে নেমে আসে
হেমন্তের সন্ধ্যা;
দুর্লভ অনুভূতিতে রাত নামে
নদীর পাড়ে তমাল বনে!
একাকিনী অরণ্য কুমারী
ঝাঁট দেয় একফালি নিঙানো উঠান!
মহুয়া তেলে টক পাতার সম্বরার গন্ধে'-
বাতাস ভুরু ভুরু;
এক কোনে চুপ হয়ে আছ'-ক্লান্ত কেরোসিনের লন্ঠন!
সে আড়ি পাতে বনপথে
এল কি সেই চির অতিথি?
যে আসবে বলে ছিল একদিন;
ডুমুরের ডালে ঝাঁকি দেয় তখনই
বাদুড়ের দল!
আবারও নিষ্ফল!
সে থমকে দাঁড়ায়!
তবুও অপেক্ষায়
নতুন আশায়।

বাঁশ বনের চুচোড় পেরিয়ে
সকালের রোদ্দুর খেলে
কাটা ধানের স্তুপে,
পাতার ঠোঙায়,
তাড়ির বসে,
তির তির  ঝর্নার জলে!
চাটাই পেতে শুয়ে আছে মা';
সে পথের দিকে তাকায়,
যদি আজ বুধুন আসে।'
আছে তো তারই অপেক্ষায়!!
হঠাৎ ওপার থেকে হাঁক দিয়ে ওঠে
ইট ভাটার সর্দার'-রামাইয়া
প্রতাপী, নারী লোভী ঠকবাজ মাফিয়া।
সময় থমকে দাঁড়ায়
বুক কাঁপে তার
সারা শরীর কাটা দেয়!!
মনে ভয়, কি হয়!কি হয়!
ঢেউ ওঠে জলে
মাটি কাঁপে!
পাড় ধসে পড়ে!
পাহাড় ধসে পড়ে!!!!!

"রাত আমারে ডাকে"
__________________
ও রাত একাকী কেন ডাকো আমায়-
তোমার গোপন গভীর নির্জনে--?
সাত রঙে আঁকা স্বপ্ন ময় জগৎ,
কখন নীরবে বেঁধেছো তার
তোমার অনন্ত গতি ধারার-নিথর ঝঙ্কারে!

চাঁদ-তারার সীমাহীন চলা'
আলো- আঁধারের লুকোচুরি খেলা
তোমার ই বুকে চলে নিরবধি
শব্দ-সৌভিক মহা আকর্ষণে,
তাই কি রহস্যময়ী
ডাকো আমায় নির্জনে---!!
আমি এক প্রেম হীন,দিশা হীন বন্ধু'....
অযূত ফোয়ারায় মেতে চলা বিহ্বলা-স্রোত'
আমি উৎসে ফিরে যেতে চাই
তুমি কি আমারে ডাকো তাই...?

তোমার ওই কালো নয়'-আলো
সীমাহীন ব্যাপ্তির মাঝে
আছে অনন্ত আহ্বান,--আছে দুর্নিবার চলা
আছে শান্তির আশ্বাস ,
--আছে অনন্ত প্রতীক্ষা!!
হে চির অধরা,-নীরবতা....,
এমনই ক'রে ডেকো আমারে
আমি সুদূর-পিয়াসী
আমার চলা তাই বারেবারে
আকুল আঁধারে--!!!

_________________

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...