১
নৌকা
নদী ছুঁয়েছে আকাশ
প্রকান্ড নীল নক্ষত্রের আকাশ
দু'চোখের দীঘল পাতায়
স্বপ্নেরা ঝাঁকে ঝাঁকে নেমে এলে
বেজে যায় অনন্ত জলতরঙ্গ
তখন সময়ের প্রপাতে শুধু
জীবনের নৌকা ভাসে...
-০-
২
নক্ষত্র
সময়কে খুঁড়ে দেখি
নিজস্ব অভিমুখ এঁকে যায় নদী।
প্রত্ন অন্ধকার সরিয়ে
পাতায় পাতায় অক্ষর বিছোয়
রাতের রূপসী জোনাকি।
আর গল্পের পান্ডুলিপি খুলে
দু'চোখে স্বপ্ন আঁকে নক্ষত্র।
-০-
No comments:
Post a Comment