শুভ্রা ভট্টাচার্য
আমি ইচ্ছে ডানায় ভর করে রোজ
বেড়াই ঘুরে চেতন আর অবচেতনে,
নিত্য নতুন স্বপ্ন দিয়েই ভরাই প্রাণ
কল্পনার জালবোনা ঐ সুখ সৃজনে।
তাইতো এলোমেলো মনটা আমার
যায় যে কোথায় ফানুস হয়ে ভেসে,
হঠাৎ যেন যায় হারিয়ে কোন সুদূরে
অলীক কোনো রঙিন ফুলের দেশে।
সেথা সহজ সরল বাঁধন হারা মন
আকাশ ছুঁতে অসীম শূন্যে বিচরণ,
শিশুর মতোই অকপটে মেলে ধরা
নিজের অনুশাসনে নিজের বাঁচা মরা।
সেথায় সুখ দুঃখ তাহার কক্ষপথ চ্যুত
জীবন বহে আপন গতিতে নদীর মতো।
ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হাসি গল্প কথা
আনন্দঘন মুহূর্তের আবেশে জীবনগাঁথা।
নেইকো সেথা মাপা হাসি মাপা কথা
মান অভিমান আর দুঃখ সুখের ব্যথা,
না কোনো দ্বেষবিদ্বেষ দ্বন্দ্ব কোলাহল
মুখোশের আড়ালে সত্য মিথ্যার ছল!
সত্যি আছে কি এমন সুসম্পর্কের রেশ!
যেথা নেই চাওয়া পাওয়া হিসেব নিকেশ!
আমি বাস্তবতায় পাই না কেন এমন দেশ!
যেথা শুধু নির্ভেজাল মনুষ্যত্বের সমাবেশ।
মনের গভীরে অলীক ইচ্ছেদের আনাগোনা
আবোল তাবোল ভাবনায় বেসুরে আনমনা,
যদিও বাস্তবে সে ভাবনা কভু মিল খাবে না,
তবুও ক্ষণজীবনকে উল্টিয়ে পাল্টিয়ে চেনা।।
#শুভ্রা#
চুঁচুড়া, হুগলী
ফোন : ৯৮০৪৬৮৪৮১৮
No comments:
Post a Comment