Tuesday, 16 November 2021

ভাষার টানে--সাবিত্রী দাস

ভাষার টানে
সাবিত্রী দাস 

মুখের ভাষা সে কেবল কী শুধু মুখের ভাষাই হয়! 
বুকের মাঝেও  কখনো সে ভাষা মৌন মুখর রয়। 

শাসকের রোষে হায় বিনা দোষে বুকের ভাষায় টান, 
"বাংলা ভাষা যাক রসাতলে" হিন্দির কলতান। 

এ হেন বিধান,  প্রাণের নিদান  বিদ্রোহী মন জাগে, 
গর্জে উঠেছে মানুষ তখন,  উঠেছিল ফুঁসে রাগে।

টুসু , ভাদু আর ঝুমুর গানেও বাংলার মাদকতা, 
আপামর জনে জেগেছিল প্রাণে বাংলা বিয়োগ ব্যথা।

 বাংলা ভাষার সম্মানে তারা দিশাহারা অনুভবে, 
মনের গহনে রঞ্জিত হলো চেতনার গৌরবে। 

ভাষা -মর্যাদা রক্ষা-লড়াই সুদীর্ঘ কথকতা।
বিহার শাসক কারাগারে দেয় সত্যাগ্রহীর নেতা,

পাকবিড়রার পথ থেকে শুরু কলকাতা অভিযানে, 
 হাজারো মানুষ  হেঁটেছিল পথ বাংলা ভাষার টানে।

গভীর আবেগে বাংলা ভাষার দিয়ে গেল সম্মান, 
দীর্ঘ পথের যাত্রায় যারা ,লড়ে গেল আপ্রাণ।

দমন পীড়ন উপেক্ষা করে চলছিল অভিযান, 
বুকের ভেতর 'বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও' গান।

পৃথিবীর বুকে  দীর্ঘতম এ ভাষার আন্দোলন ,
নয়কো হিন্দি, বাংলাই হোক প্রাণের আচ্ছাদন।

বিহার রাজ্যে মানভূম জেলা মাতৃ ভাষার সুখে, 
 অবিরাম লড়ে ,দিল উপহার  বাংলা মায়ের বুকে ।

বাংলা ভাষার  অমোঘ টানে যে ব্যাকুল হয়েছে  হিয়া। 
মানভূম ভেঙে বাংলার জেলা হলো গিয়ে পুরুলিয়া।

বাংলাভাষায় বাংলার লোক হয়েছে  স্বয়ম্ভর, 
  সাল উনিশশো ছাপ্পানোর পয়লা  নভেম্বর।

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...