১
আমন্ত্রণ
অ্যান্টি–ক্লাইম্যাক্স, স্বপ্নে আসো না কতদিন, কালো আস্তরণে
ঢাকো না আমার হৃদয় পালানো আলো, ছোঁয়াও আবার
ফেন্সিংয়ের তলোয়ার, বিদ্যুতের এলোমেলো ফ্র্যাক্টাল,
এ প্রান্ত থেকে ও প্রান্ত চোখধাঁধানো ফ্ল্যাশলাইট।
অ্যান্টি–ক্লাইম্যাক্স, প্লিজ এসো একবার স্বপ্নে,
আমি ঘুমোতে যাই ধ্যান করে, টেলিপ্যাথি করে,
নবমীর নিশি তুমি, অলৌকিক গ্রান্ডালা, তুমি কি
একঘেয়ে জল, তরঙ্গবিহীন? তার চেয়ে বরং
বেনোজল হও স্বপ্নে, তেতো, দামাল, আবর্ত – পলিমাটি ঢালো
পাথরে, উপত্যকায়, এসো একবার প্লিজ,
ঝাঁঝালো হও, ঝগড়া কর দাপিয়ে, বলো ঠাসিয়ে চড় মারব,
তবু এসো একবার
==================
২
নিজেই নিজের বিদ্যুৎ
অমিত চক্রবর্তী
আমি তার প্রতিটি অক্ষর চিনি,
কখনো স্বরবৃত্তে বা গদ্যছন্দে উপমায়
মুখের কথা কে যেন লিখেছে জলরঙে
বা দেয়ালে ছেপে সুরেলা এবং
বেয়াড়া শব্দের রাশিমালা।
তখন আমি শব্দ বানাতাম, এখন দূরভাষী,
ছোপ লাগাই শুধু মলাটে, জখমী পোঁচ,
এ রকম একটা দিন, পাল্টে ফেলব সব,
মসৃণ এবং নোনতা, শুধু একটা দিন দাও আমায়
তোমার ভাল লাগা কথা বা কবিতায়।
ভালবাসতে না পার, আড়ম্বর নেই
একবার শুধু তাকাতে দাও, সেই
নম্র ফোকাস, মাথা নীচু আমার
ভাললাগা বা পুরস্কারে শরীর কাঁপুক,
নিজেই নিজের সে বিদ্যুৎ সাজুক,
সেই পুরোনো বাসি অবহেলায়।
=======================
৩
কনক আলো
অমিত চক্রবর্তী
আত্মমগ্ন ছিল বলে জলও সুযোগ নেয়,
আলোর সঙ্গে গোড়ালি ভেজায় জল,
শাড়ির পাড়ে ফুলশয্যার ছোঁয়া, আদর
দেখতে দেখতে আমিও ভেবেছি এখানে বালি কম
গুঁড়ো কাঁকর, তীক্ষ্ণ পাথরে বসে কী করে তুমি
আত্মমগ্ন হলে? পা ছুঁয়ে সে মুখ তুলেছিল, সেই আলো,
কনক আলো বুঝি, মায়া ছবি মানে লম্বা চুল, এলোকেশ,
যখন অন্ধকার তাকে ঘিরে রাখে। সেই জেনে
আলোও উদ্গ্রীব এখন, স্পর্শ চায়, শরীর চায়,
গিটার হাতে সেরেনাড গায়, সুখ কিংবা
স্বাচ্ছন্দ্যে ভিজে যেতে চায় ভবঘুরে আলো।
কনক আলো বুঝি? আমি সামলাই তাকে।
====================
কবি পরিচিতি
অমিত চক্রবর্তীর জন্ম সোনারপুর অঞ্চলের কোদালিয়া গ্রামে। ছাত্রাবস্থায় অনেক লেখা এবং ছাপানো কলকাতার নানান পত্রপত্রিকায়। এখন আমেরিকায়, ক্যানসাস স্টেট ইউনিভারসিটি তে কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ডিন। সম্প্রতি প্রকাশিত কবিতা – বাক, কবিতা আশ্রম, ছায়াবৃত্ত, বম্বে Duck, যুগসাগ্নিক, অন্যনিষাদ, বাতিঘর অনলাইন, শারদীয়া খোঁজ, শব্দের মিছিল, মহাভারত, অপার বাংলা, উত্তর আমেরিকার পত্রিকা বাঙলা লাইভ, উদ্ভাস, যুক্তরাজ্যের পত্রিকা ড্যাশ, এবং আরো অনেক পত্রিকায়। ঋক প্রকাশনী আয়োজিত বিরহের কবিতা প্রতিযোগিতায় উচ্চস্থান। উত্তর আমেরিকার নিউ জার্সি অঞ্চলের পত্রিকা অভিব্যক্তির কবিতা বিভাগের সম্পাদক (অদিতি ঘোষ দস্তিদার ও সংগ্রামী লাহিড়ীর সঙ্গে)। প্রথম কবিতার বই “অতসীর সংসারে এক সন্ধ্যাবেলা” প্রকাশ পেল এই সেপ্টেম্বরে (২০২১) রা প্রকাশনী থেকে।
No comments:
Post a Comment