যুদ্ধ
💚
শরীরে শরীর নেই, শূন্যতায় ভরা
মন কোথাও উড়ে গেছে, যায়নিকো ধরা
চারিপাশে কোলাহল ব্যর্থ শিকারির
ষড়রিপু ঘিরে ধরে ছুঁড়ে যাচ্ছে তির
রক্ত কি দেখতে পাও? কোথাও রক্ত আছে?
নায়ক-নায়িকা মায়া, বসেছে গল্পের কাছে
কিছুতো ক্ষরণ হচ্ছে, অলীক বাতাসে মিশছে শ্বাস
নিয়ন্ত্রণ হারাচ্ছে শালীনতা, অন্ধকারে তারও সর্বনাশ
আলোর লিঙ্গরা এসে বিদ্ধ করছে কাকে?
কেউ কিছু বলছে না তো! মাছ ঢাকছে শাকে!
দূর থেকে ঢেউ আসছে, কাঁপছি অন্তর্বর্তী উত্তাপে
ক্রমশই ভিজে যাচ্ছি; ঘাম জমছে তরোয়ালের খাপে।
মনুষ্যপাখি
💚
রাত এলেই বৃক্ষ হয়ে যাই
অন্ধকারে ডাকি, চুম্বন পাঠাই
কত ফুল ফোটে, পল্লবে পল্লবে ধ্বনি
নীরবতাগুলি রোজ করে কানাকানি
তুমি খোঁপা বাঁধো আর সমাধি ভেদ করে উঠে দাঁড়াও
আর সাদা ডানায় জ্যোৎস্নার বক হয়ে উড়ে-উড়ে নামো
এখানে কাঁঠাল বন, হরিতকী বনে
কিশোরীবেলার ছুটোছুটি জেগে ওঠে
যুবতী ঘ্রাণের আলোড়নে আমিও শিহরন পাই
দ্যাখো দ্যাখো বৃক্ষ আজ আমি
তুমিও প্রবল মনুষ্যপাখি মৃত্যুর পরও মৃত্যুহীন
নিশির প্রহর জুড়ে অরণ্য কাঁপাও…
তৈমুর খান মূলত কবি l তার লেখা ছোট বড় অনেক পত্রিকাতে প্রকাশিত হয়েছে l বর্তমান লেখা দুটি ভাব ভাবনার ধারণায় মনে গভীর দাগ কাটার মত l ধন্যবাদ কবিকে l
ReplyDelete