তাপসকিরণ রায়
আগুনে ঝাঁপ দিয়ে কি কবিতা লেখা যায় ?
অথবা কিছু স্ফুলিঙ্গ তোমার নাকে চোখে-মুখে
গনগনে আগুনে তখন তোমার শরীর পুড়ে যাচ্ছে, লালে লাল, সেই শরীর আস্তরণ।
অন্য এক কবি তখন কবিতা লিখছে…
অগ্নিকুন্ডে দাঁড়িয়ে কবি তার কবিতা লিখতে পারে--
ওই যে পুড়ে যাচ্ছে কবি,
যন্ত্রণায় কাতরে উঠছে সে,
তবু তার হাতে একটা কলম ও কাগজ তুলে দিলে কি একটা আধপোড়া কবিতা লেখা হয়ে যাবে! ওই যে কবিতার মাথা ঝলসে যাচ্ছে-
সে কবিতা ক্রমশ তার মাটির স্পর্স হারিয়েছে l
হায়, কোথায় সে কবি ? সে আর নেই,
তার কবিতা আর নেই।
এবার শুধু কল্পনা পড়ে আছে,
কিছু শ্বাস আশপাশ ঘিরে আছে--
পুড়ে যাওয়া কবিতা নিশ্চয়ই ,
পুড়ে যাওয়া কবির শূন্যতার মাঝে থেকে গেছে,
আর বাকিটুকু আকাশ,
নীলিমাময় মহাকাশ জুড়ে থাকে,
সে কবি বুঝি তার গভীরে ছায়া হয়ে জেগে থাকে তাকে নিয়ে আগামীর কবিতা লেখা হবে--
আগামীর কবিরা লিখে যাবে তাদের অনন্ত কবিতাকথা।
No comments:
Post a Comment